বুধবার বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে তাকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা।
নিহত তাজনেহার বেগম ওই গ্রামের মো. বজলুর রহমান হাওলাদারের স্ত্রী।
.png)
জানা গেছে, উপজেলার কচুয়া গ্রামের বজলুর রহমান হাওলাদারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই বাড়ির কামরুল ইসলামের সঙ্গে। এরই জেরে বুধবার সকালে কামরুল ইসলামের পাকা ভবনের দরজা জানালা এবং সীমানা প্রাচীর ভাঙচুর করে বজলুর রহমান ও তার স্ত্রী তাজনেহার বেগম। বাধা দিলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায় কামরুল ইসলাম ও তার বোন আসমা বেগম এবং স্ত্রী রুপালী বেগম মিলে তাজনেহার বেগমকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) নিয়ে যান। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
কাঁঠালিয়া থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।