শনিবার দুপুরে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বড়কয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে। গাভীটি ঐ ইউনিয়নের বন্নিগ্রামের কৃষক সহিদুল ইসলামের।
প্রত্যক্ষদর্শীরা জানান, পানি কমায় বড়কয়ড়া গ্রামের যমুনা নদীর পাড়ে একটি চর জেগে উঠেছে। দুপুরে এলাকার কৃষকদের একটি গরুর দল সেই চরে ঘাস খেতে যায়। এ সময় হঠাৎ একটি গাভী চরের চোরাবালিতে আটকে যায়। আশপাশে লোকজন না থাকায় সেখানে গাভীটি দীর্ঘক্ষণ আটকে থাকে। ধীরে ধীরে গাভিটির শরীরের বেশির ভাগ অংশ চোরাবালিতে তলিয়ে যায়। একপর্যায়ে বিষয়টি স্থানীয় কৃষকদের চোখে পড়ে। তারা সবাই মিলে এক ঘণ্টা চেষ্টার পর দড়ি বেঁধে গাভিটি উদ্ধার করেন।
.png)
গাভীটির মালিক সফিকুল ইসলাম বলেন, ‘স্থানীয় লোকজনের সহায়তায় গাভীটি উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারের পর গাভিটি অসুস্থ হয়ে পড়েছে’।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাবালি থেকে পরিত্রাণের জন্য নদী থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধ করা জরুরি।