ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
ভোমরা স্থলবন্দর

লক্ষ্যমাত্রার চেয়ে ৩৮ কোটি রাজস্ব আয়

ইব্রা‌হিম খ‌লিল, সাতক্ষীরা
প্রকাশিত: ১৫:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০২৩
লক্ষ্যমাত্রার চেয়ে ৩৮ কোটি রাজস্ব আয়
ছবি: ডেইলি বাংলাদেশ

চলতি ২০২৩-২৪ অর্থবছরের শুরুতেই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের রাজস্ব আয় বেড়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে নতুন অর্থবছর শুরুর দু’মাসে প্রায় ৩৮ কোটি টাকা বেশি রাজস্ব আয় করেছে স্থলবন্দরটি।

এসময় দু’মাসে মোট রাজস্ব আয় হয়েছে ১৪৯ কোটি টাকা। এর ফলে গত অর্থবছরের প্রথম দু’মাসের তুলনায়ও চলতি অর্থবছরের শুরুতেই ৫৪ কোটি ৪৬ লাখ টাকা রাজস্ব আয় বেড়েছে। ব্যবসা-বাণিজ্য ভালো যাচ্ছে তাই রাজস্ব আয় বেড়েছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা।

ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দু’মাস জুলাই-আগস্টে ভোমরা স্থলবন্দরের জন্য রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ১১১ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৪৫ কোটি ২৬ লাখ ও আগস্টে ৬৬ কোটি ১ লাখ টাকা। সেখানে গেল দু’মাসে রাজস্ব আদায় হয়েছে ১৪৯ কোটি ২৩ লাখ ৭ হাজার ৫৫২ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৬০ কোটি ৮৬ লাখ ৭ হাজার ৫৫২ এবং আগস্টে ৮৮ কোটি ৩৭ লাখ টাকা। যা দু’মাসের রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়েও ৩৭ কোটি ৯৬ লাখ ৭ হাজার ৫৫২ টাকা বেশি। গত ২০২২-২৩ প্রথম দু’মাসের তুলনায় রাজস্ব আয় বেড়েছে ৫৪ কোটি ৪৬ লাখ টাকা।

Advertisement

সূত্রটি আরো জানায়, গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম দু’মাসে রাজস্ব আদায় হয়েছিল ৯৪ কোটি ৭৭ লাখ। এর মধ্যে জুলাইয়ে ৪৪ কোটি ৭৪ লাখ ২৭ হাজার ৫৫১ টাকা এবং আগস্টে ৫০ কোটি ৩ লাখ টাকা। এবার চলতি ২০২৩-২৪ অর্থবছর শুরুর দু’মাসে রাজস্ব আয় বেড়েছ আগের তুলনায় বেশি। যার পরিমাণ ১৪৯ কোটি ২৩ লাখ ৭ হাজার ৫৫২ টাকা।

ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়শনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু জানান, ব্যবসা-বাণিজ্যে তথা আমদানি-রফতানিতে খুবই সম্ভাবনাময় ভোমরাবন্দর। গেল দু’মাসে সরকারের রাজস্ব বেড়েছে। তবে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের যদি সবধরনের বৈধ পণ্য আমদানির সুযোগ দেওয়া হতো তাহলে রাজস্ব আয় আরো অনেকাংশে বাড়তো।

এ ব্যাপারে ভোমরা শুল্কস্টেশনের দায়িত্বরত উচ্চমান সহকারী তুষার রায় বলেন, আমদানি রফতানি বাড়ায় রাজস্ব আদায় বেড়েছে। এই ধারা অব্যহত থাকলে গতবছরের তুলনায় এবার রাজস্ব আদায় কয়েকগুণ বেড়ে যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!