ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ভাইয়ের কামড়ে ভাই নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৯, ২২ আগস্ট ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ভাইয়ের কামড়ে ভাই নিহত
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় বড় ভাইয়ের কামড়ে ছোট ভাই নিহত হয়েছেন। সোমবার রাতে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, সন্ধ্যার দিকে সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিখাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাপ মিয়া (৩৫) জেলার সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা এলাকা মনসুর আলীর ছেলে। গোলাপ মিয়া খাঁটিখাতা বাজারের নৈশপ্রহরী ছিলেন। ঘটনার পর গোলাপ মিয়ার বড় ভাই মঞ্জুর আলী (৪২) পলাতক রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, গোলাপ মিয়া প্রায় সময় নেশা করতেন। স্থানীয়রা গোলাপ মিয়াকে নেশা করতে না করলে, তিনি স্থানীয়দের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। পরে স্থানীয়রা গোলাপ মিয়ার বড় ভাই মঞ্জুর আলীর কাছে বিচার দেন। মঞ্জুর আলী সোমবার সন্ধ্যার দিকে তার ছোট ভাই গোলাপ মিয়াকে নেশা ব্যাপারে নিষেধ করতে গেলে তার সঙ্গেও গোলাপ খারাপ ব্যবহার করেন।

Advertisement

এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনায় গোলাপ মিয়া মাটিতে পড়ে যান। এ সময় মঞ্জুর আলী গোলাপ মিয়ার কানে কামড় দিয়ে ধরেন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় গোলাপ মিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

পরে হাসপাতালের চিকিৎসক তার কানে প্রায় ১৫টি সেলাই করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। স্বজনরা গোলাপ মিয়াকে ঢাকায় না নিয়ে জেলা শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় গোলাপ মিয়া মারা যান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!