ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মুক্তিপণ না পেয়ে শিশুকে ধর্ষণের পর হত্যা, আটক ১

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৮, ২৯ জুলাই ২০২৩
মুক্তিপণ না পেয়ে শিশুকে ধর্ষণের পর হত্যা, আটক ১
অভিযুক্ত ইরফান- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে মুক্তিপণ না পেয়ে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করেছেন দুর্বৃত্তরা। অপহরণের একদিন পর শিশু ফারিহার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার বিকেল ৫টার দিকে শিশুটির নিজ শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা দারুস্সুন্নাহ মাদরাসার ড্রেনে মরদেহটি পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।

র‌্যাব-১৫ এর একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঐ মাদরাসার সহকারী পরিচালক মুফতি আলী আহমদের ছেলে ইরফানকে আটক করা হয়েছে।

চেয়ারম্যান জানান, গেল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনে রাস্তা থেকে অপহরণ করা হয় ফারিহাকে। সে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার বাসিন্দা সানা উল্লার মেয়ে এবং হ্নীলা দারুসসুন্নাহ নুরানি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।

শিশুটির বাবা ছানা উল্লাহ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনে রাস্তা থেকে মেয়েকে তুলে নিয়ে যান দুর্বৃত্তরা। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিয়ে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। রাতে আমার মোবাইল ফোনে একটি নম্বর থেকে কল করে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছিল।

র‌্যাবের পক্ষ থেকে ঘটনাস্থলে প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, আশুরার বন্ধ উপলক্ষে মাদরাসা বন্ধ থাকায় আটককৃত ইরফান ঐ মাদরাসার একটি কক্ষে নিয়ে গিয়ে রাতে মেয়েটিকে ধর্ষণ করেন। পরে তাকে হত্যা করে রাত ৩টার দিকে মাদরাসার ভেতরের ড্রেনে ফেলে দেওয়া হয়।

মরদেহ উদ্ধারের পর টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!