ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পায়ে পাড়া লাগায় সংঘর্ষ, আহত ২৫

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৫, ২৭ জুলাই ২০২৩
পায়ে পাড়া লাগায় সংঘর্ষ, আহত ২৫
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- ফাইল ফটো

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় পায়ে পাড়া লাগায় দুইপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। বুধবার রাত ১১টায় ভৈরব পৌরশহরের কমলপুর বাসস্ট্যান্ড এলাকার কামাল মিয়ার বাড়ি ও উত্তরপাড়া এলাকার খালেক মিয়ার বাড়ির যুবকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

এ সময় গাছতলাঘাট নার্সারি রোড এলাকায় ৪০টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে। আহতদের মধ্যে রায়হান, আকিব, সিয়াম ও ইয়াছিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকিরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেন।

স্থানীয়রা জানান, বুধবার রাত ৮টার দিকে পৌর বাসস্ট্যান্ড আল আজিজিয়া হোটেলের পাশে আলাইনা টেলিকম দোকানে মোবাইলে এমবি (ডাটা) রিচার্জ করতে আসেন কামাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইমন, সাইমন, রায়হান এবং খালেক মিয়ার বাড়ির অনিক, রিফাদ, সাহিদ, আরাফাত ও সৌরভ। তাদের মধ্যে ইমন এমবি রিচার্জ শেষে দোকানিকে একটি ভেজা টাকার নোট দেন। এ নিয়ে দোকানির সঙ্গে ইমন ও সাইমনের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় খালেক মিয়ার বাড়ির অনিক দোকান থেকে বের হওয়ার সময় কামাল মিয়ার বাড়ির ইমনের পায়ে পড়া লাগে। এ নিয়ে দুইজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Advertisement

তবে ফের রাত সাড়ে ১০টার দিকে উভয় পক্ষ দা, লাঠি, ইট, পাটকেল, বল্লম নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুইপক্ষের সংঘর্ষ হয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ভৈরব সংঘর্ষ
লিংক সফলভাবে কপি হয়েছে!