ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে নিথর অটোচালক, আহত ৪

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ১১ জুন ২০২৩
মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে নিথর অটোচালক, আহত ৪
গ্রেফতার মাদকাসক্ত সম্রাট শেখ

বাগেরহাটে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে মো. রফিক খান (৪০) নামে এক অটোচালক নিহত হয়েছেন। ওই যুবকের এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত হয়েছেন আরও ৪ জন।

রোববার বিকেল ৩টায় চিতলমারী উপজেলা সদরের স্টিল ব্রিজ সংলগ্ন চৌরাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পরপরই ওই এলাকা থেকে ছুরিকাঘাতকারী মাদকাসক্ত সম্রাট শেখকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। ছুরিকাঘাতকারী সম্রাট শেখ চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নী গ্রামের আকরাম শেখের ছেলে।

নিহত মো. রফিক খান একই উপজেলার পাটরপাড়া গ্রামের গাউস খানের ছেলে। তিনি পেশায় একজন অটোচালক ছিলেন। আহতরা হলেন, আড়ুয়াবর্নি চরপাড়া এলাকার মতিয়ার রহমান শেখের ছেলে রায়হান শেখ (২৭), পাটরপাড়া এলাকার আলমগীরের ছেলে তানভীর (২৪), হিজলা এলাকার কবির মোল্লার ছেলে আবু সাঈদ (২৪) এবং কচুয়া উপজেলার ধোপাখালি, আমিনুর রহমান (২৫)।

Advertisement

তাদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় রায়হানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী নাজমুল মোল্লা জানান, হঠাৎ করেই দেখি সম্রাট দৌড়ে এসে যাকে সামনে পাচ্ছে তাকে ছুরি মারছিল। সঙ্গে আজেবাজে কথাও বলছিল। ভয়ে কেউ সম্রাটের কাছে যাচ্ছিল না। একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এসে সম্রাটকে গ্রেফতার করে। এরমধ্যেই সম্রাটের ছুরিকাঘাতে ৫ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, ঘটনাস্থল থেকে ছুরিকাঘাতকারী সম্রাট শেখকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে তিনি ছুরিকাঘাত করেছেন তা জানার চেষ্টা চলছে। এর সঙ্গে অন্য কোনো বিষয় আছে কিনা সে জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!