ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রজেক্টের টাকার লেনদেনের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ১১ জুন ২০২৩
প্রজেক্টের টাকার লেনদেনের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
ছবিতে রবিউল হাসান

কক্সবাজারের টেকনাফের মৌলভী পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রবিউল হাসান (২৪) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ জুন) সন্ধ্যা টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ায় এ ঘটনা ঘটে।

রোববার সকালে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়। নিহত রবিউল হাসান টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৌলভী পাড়ার করিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ সদর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য (৭, ৮, ৯নং ওয়ার্ড) খালেদা বেগম।

Advertisement

তিনি বলেন, টেকনাফ সদরের মৌলভী পাড়া এলাকায় চিংড়ির টাকার লেনদেন নিয়ে রবিউল হাসান নামে এক যুবককে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করেছে। ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে।

নিহত রবিউলের ভাই আব্দুল্লাহ বলেন, চিংড়ি প্রজেক্টের টাকার লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে মৌলভী পাড়া একটি মার্কেটের সামনে রবিউলকে হঠাৎ ছুরিকাঘাত করে সাইফুল পালিয়ে যান। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখান থেকে চমেক হাসপাতালে নেয়ার পথে রবিউল মারা যান।

এ ঘটনায় রোববার (১১ জুন) সাইফুলসহ পাঁচজনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানিয়ছেন তিনি।

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, এ ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!