ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা, আহত ছেলে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৮, ১০ জুন ২০২৩
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা, আহত ছেলে
ফাইল ছবি

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ নয়াগাঁও গ্রামে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় শনিবার দুপুরে মতিউর রহমান কালাই (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মতিউর রহমান কালাই ওই গ্রামের মৃত আব্দুল আলিম মোল্লার ছেলে।

এরআগে সকালে তার ছেলে মো. শাকিলকে (২৩) কুপিয়ে জখম করা হয়। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানায়, নয়াগাঁও পূর্বপাড়া গ্রামের দীল মোহাম্মদ দিলা ও তার দুই ছেলে জুবায়ের ও জিহাদ দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন। এতে প্রতিবেশী মতিউর রহমান ও তার ছেলে শাকিল বাধা দিতেন।

Advertisement

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মতিউর রহমানের ছেলে শাকিল মাদক বিক্রিতে বাধা দিলে দীল মোহাম্মদের দুই ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিলকে এলোপাতাড়ি কোপান। তাকে রক্তাক্ত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পর দুপুর সাড়ে ১২টার দিকে ছেলে শাকিলকে কোপানোর প্রতিবাদ করতে দীল মোহাম্মদের বাড়িতে ছুটে যান বাবা মতিউর রহমান কালাই। এ সময় বাড়ির সামনের সড়কে মতিউর রহমানকে এলোপাতাড়ি কোপান মাদক বিক্রেতা দীল মোহাম্মদ ও তার দুই ছেলে। স্থানীয়রা তাৎক্ষণিক মতিউর রহমানকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি মো. তারিকুজ্জামান হত্যার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মতিউর রহমান কালাইয়ের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে মাদক বিক্রি নাকি অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!