ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গরুর খামারে বিষ প্রয়োগ, দিশেহারা কৃষক

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৩, ৪ জুন ২০২৩
গরুর খামারে বিষ প্রয়োগ, দিশেহারা কৃষক
জাহিদ খানের গরুর খামারে বিষ প্রয়োগের অভিযোগ। ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউপির নারানপুর গ্রামের জাহিদ খানের গরুর খামারে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। 

পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাতে গরুর খাবারে কীটনাশক ছিটিয়ে গরুগুলি হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে খামারের মালিক অভিযোগ করেছেন।

বিষযুক্ত পানি ও খাবার খেয়ে অন্তঃসত্ত্বা ৪টি বিদেশি গরু এবং একটি বাছুর অসুস্থ হয়েছে। সকাল থেকে চিকিৎসা চললেও এখনো আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন পশু চিকিৎসক। গত এক মাসের মধ্যে ৭ লাখ টাকা মূল্যের ২টি গরু মারা যায়। 

Advertisement

খামার মালিক জাহিদ খান জানান, ২০ বছর ধরে আড়াই একর জমির ওপর দেশি-বিদেশি জাতের সমন্বয়ে একটি গরুর খামার গড়ে তুলেছেন। খামারে বর্তমানে বিদেশি বিভিন্ন প্রজাতির অন্তত ৩০টি গরু রয়েছে। এসব গরুর বাজার মূল্য কোটি টাকা। প্রতিদিন ১৪টি গাভী গড়ে দেড়শ কেজি দুধ দেয়।

তিনি আরো জানান, শনিবার সকালে খামারে এসে দেখেন দক্ষিণ পাশের সেডের ৪টি অন্তঃসত্ত্বা ও ১টি গরু অসুস্থ হয়ে শুয়ে পড়েছে। মুখ দিয়ে লালা বের হচ্ছে। পরে দেখা যায় যেসব পাত্রে গরু খাবার খেয়ে থাকে, সেই পাত্রের পানির রং নীল। সন্দেহ করা হচ্ছে শুক্রবার রাত ১২টার পর কোনো এক সময়ে এই পানিতে ও খাবারে বিষ মেশানো হয়েছে। কেননা খাবারের পাত্রের পানি বেগুনি কালার ধারণ করেছে। পাশে শুকনা জায়গাতেও ছোট ছোট বিষের দানা পড়ে থাকায় সেখানেও বেগুনি রং ধারণ করেছে। ফুরাডান বিষ প্রয়োগে গরুগুলিকে হত্যার চেষ্টা চালানো হয়েছে।

জাহিদ খান বলেন, গত এক মাসে আমার প্রায় ৭ লাখ টাকার দু’টি গরুকে মেরে ফেলা হয়েছে। স্থানীয় শত্রুতার কারণে খামারে বিষ প্রয়োগ করা হচ্ছে। আমার সঙ্গে শত্রুতা থাকতে পারে। কিন্তু পশুর সঙ্গে এমন শত্রুতা করে লাভ কি? এর প্রতিকার না হলে কোটি টাকা ইনভেস্ট করে ব্যবসা করা সম্ভব নয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি।

নড়াইলের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অনন্ত পাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে আলামত দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে খাবারের সঙ্গে বিষ মেশানো হয়েছে। তবে পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্তভাবে কিছু বলা যাবে না। গরুগুলির চিকিৎসা চলছে। 

সদর থানার ওসি মো. ওবাইদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!