ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রাণ বাঁচাতে জড়িয়ে ধরল বড় বোনকে, তলিয়ে গেল দুজনই

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩০, ২ জুন ২০২৩
প্রাণ বাঁচাতে জড়িয়ে ধরল বড় বোনকে, তলিয়ে গেল দুজনই
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর সদর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মরিয়ম আক্তার (১০) এবং নুসরাত (৮) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আশিকাটি ইউনিয়নের হোসেনপুর গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু মরিয়ম আক্তার ঐ বাড়ির চান মিয়া খানের মেয়ে এবং নুসরাত চান মিয়ার ভাই সেলিম খানের মেয়ে। সম্পর্কে তারা চাচাতো বোন। 

জানা যায়, দুপুরে মরিয়ম ও নুসরাত একসঙ্গে বাড়ির পুকুরে গোসল করতে যায়। তাদের মধ্যে মরিয়ম আক্তার সাঁতার জানলেও নুসরাতের সাঁতার জানতো না। গোসল করার সময় নুসরাতকে পানিতে তলিয়ে যেতে দেখে বড় বোন মরিয়ম আক্তার তাকে বাঁচাতে যায়। নুসরাত প্রাণে বাঁচার জন্য বড় বোন মরিয়মকে জড়িয়ে ধরলে দুজনই পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে বাড়ির অন্যান্য লোকজন তাদেরকে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে তাৎক্ষণিক উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

Advertisement

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনসুর আহমেদ কাউসার জানান, ঐ দুই শিশুকে মৃত অবস্থায়ই হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা করে তাদেরকে মৃত দেখতে পাই। 

তিনি আরো বলেন, শিশুরা খেলাধুলার বিষয়ে আমাদের সবাইকে সচেতন হওয়ার দরকার। আর শিশুদের পুকুরে গোসল করতে যাওয়ার বিষয়ে অভিভাবকদের বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!