সম্প্রতি ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের পরিচালক (সওজ) খান মো. কামরুল আহসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তবে যানবাহন চালক ও যাত্রী সাধারণকে এ সময় বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন মোস্তফাপুর-মাদারীপুর-শরীয়তপুর (মনোহর বাজার) ইব্রাহীমপুর-হরিনা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের শরীয়তপুর জেলায় ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট শীর্ষক প্রকল্পের আওতায় পুরাতন জরাজীর্ণ বালারবাজার বেইলি সেতুর পাশে নতুন সেতু নির্মাণাধীন রয়েছে। সড়কে বিদ্যমান বেইলি সেতুটি ডাইভারশন সড়কের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে নতুন সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়কের কাজ চলমান রয়েছে। সংযোগ সড়ক নির্মাণকালীন সময় উক্ত সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য বেইলি সেতুটি মেরামত/সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
.png)
ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের ব্যবস্থাপক গোলাম কিবরিয়া জানান, ঐ বেইলি সেতুতে যানবাহন চলাচল সচল রেখে সংস্কার কাজ করা সম্ভব নয় এবং শরীয়তপুর-চাঁদপুর ফেরি দিয়ে চলাচলকারী যানবাহনের জন্য উক্ত সেতুর অংশ পার হওয়ার বিকল্প রাস্তা না থাকায় সেতুর দু’পাশে যানবাহনের জটলা তৈরি হয়ে জনভোগান্তি হতে পারে। তাই ঐ সময়ে ফেরি চলাচল বন্ধ রাখলে সমস্যা কিছুটা লাঘব হতে পারে। আর এই জন্যই আগে থেকে সবাইকে জানানো হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) চাঁদপুর হরিণা ফেরিঘাটের সহ-মহাব্যবস্থাপক ফয়সাল আলম চৌধুরী জানান, শরীয়তপুর অংশের বালার বাজার বেইলি ব্রিজ মেরামতের জন্য ২ জুন রাত ১২টা থেকে ৪ জুন সকাল ৬টা পর্যন্ত মোট ৩০ ঘণ্টা সময় লাগবে। যে কারণে এই সময়ে ফেরি ও যান চলাচল বন্ধ থাকবে।