বুধবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেনিখালী এলাকায় একটি বালুর মাঠের পাশের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাদেক শিকদারের বাড়ি কুমিল্লার দাউদকান্দি থানার চক্রতলা গ্রামে। তিনি বেশ কিছুদিন ধরে সোনারগাঁ উপজেলার বাড়িমজলিশ এলাকায় তার মেয়ের বাসায় থাকতেন।
.png)
মেয়ের জামাই মোসলেউদ্দিন জানান, গত ১৬ মে বিকেলে আসরের নামাজ পড়তে মসজিদে গিয়ে নিখোঁজ হন বৃদ্ধ সাদেক শিকদার। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে বাবার সন্ধান না পেয়ে তার মেয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।
সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, বুধবার বিকেলে বালুর মাঠের ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসী সেখানে মরদেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, মরদেহে পচন ধরায় শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি-না বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যাবে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।