ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাত্রীকে ঘরে একা পেয়ে প্রধান শিক্ষকের ধর্ষণচেষ্টা

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৫, ২২ মে ২০২৩
ছাত্রীকে ঘরে একা পেয়ে প্রধান শিক্ষকের ধর্ষণচেষ্টা
ফাইল ছবি

প্রধান শিক্ষক ও ইউপি সদস্য ইউনুস আলীর বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। রোববার বদরগঞ্জ থানায় এই মামলা করেন ভুক্তভোগীর মা।

তবে ইউপি সদস্য অভিযোগ অস্বীকার করেছেন। অভিযুক্ত ইউপি সদস্য ইউনুস আলী উপজেলার লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য। তিনি স্থানীয় মমিন চৌধুরী অটিজম প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মামলার বিষয়টি নিশ্চিত করে রংপুরের বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব জানান, গত শনিবার বিকেল ৩টায় মেয়েটির বাড়িতে যান ইউপি সদস্য ইউনুছ আলী। এ সময় মেয়েটির বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে ইউনুছ আলী মেয়েটিকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ইউপি সদস্য কৌশলে পালিয়ে যান। ইউনুছ আলী ও মেয়েটি একই গ্রামের বাসিন্দা।

Advertisement

ভুক্তভোগীর মা জানান, আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। ঘটনার সময় স্বামী বাইরে কাজে ছিলেন। আর আমি ছিলাম বোনের বাড়িতে। মেয়েটি বাড়িতে একা ছিল। এই সুযোগে ইউপি সদস্য ইউনুস আলী আমার বাড়িতে ঢুকে মেয়েটিকে ধর্ষণচেষ্টা চালান। আমি ওর (ইউপি সদস্য) কঠিন শাস্তি চাই।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য ইউনুস আলী বলেন, আমি এলাকায় ডিসের ব্যবসা করি। ঘটনার দিন মেয়েটির বাড়িতে গিয়েছিলাম টেলিভিশনের চ্যানেল ঠিক করার জন্য। আমি তার ঘরে ১ থেকে ২২টি চ্যানেল পরিবর্তন করে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসি। ওই সময়ে আমার সঙ্গে মেয়ের এক চাচিও ছিলেন।

ওই ইউপি সদস্যের দাবি, মেয়েটির মায়ের কাছে আমি ৪ হাজার টাকা ধার নিয়েছিলাম। কিন্তু অভাবের কারণে টাকাটা দিতে পারিনি। এতে মানুষের বুদ্ধিতে প্ররোচিত হয়ে মেয়েটির মা আমার বিরুদ্ধে থানায় কুরুচিপূর্ণ অভিযোগ করেছেন।

লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডলু শাহ্ বলেন, ওই ঘটনায় আমার পরিষদের ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। সেই ইউপি সদস্য আইনগতভাবে মোকাবিলা করবেন। এ ধরনের কেলেঙ্কারি নিয়ে বিচার-শালিস করার এখতিয়ার আমার নেই।

এদিকে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, শনিবার সন্ধ্যার পর ভুক্তভোগী শিক্ষার্থীর মা মামলা দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ওই ইউপি সদস্যকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এরমধ্যে বেশ কিছু জায়গায় সাঁড়াশি অভিযান চালানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ধর্ষণ রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!