বুধবার দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানান, বুধবার দিনগত রাত ২টার দিকে ওই বাজারের একটি চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।
.png)
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে- ১টি ফার্নিচার দোকান, ২টি চা দোকান, ১টি সেলুন ও ১টি গ্রিল ওয়ার্কশফ রয়েছে।
ফায়ার স্টেশনের লিডার ছলিম উল্যাহ জানান- ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির ব্যাপারে পরে জানানো হবে।
চন্দ্রগঞ্জ থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়েছে ও আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।