ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে মাদক মামলায় রোহিঙ্গাসহ ৯ জনের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৯, ৩০ এপ্রিল ২০২৩
কক্সবাজারে মাদক মামলায় রোহিঙ্গাসহ ৯ জনের কারাদণ্ড
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত- ফাইল ফটো

কক্সবাজারে ইয়াবা উদ্ধার মামলায় সুলতান আহমদ নামে একজনকে সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার রোহিঙ্গাসহ আরো আট আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত সুলতান আহমদ কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া পিটি স্কুল এলাকার মো. আবু বকরের ছেলে।

Advertisement

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- লক্ষীপুরের রামগতির বাসিন্দা আবদুল মতলবের ছেলে আবদুর রউফ, রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা আবদুল গফুরের ছেলে আব্দুর রাজ্জাক মিয়া, খাগড়াছড়ির রামগড় শালবাগান এলাকার শামসুল হকের ছেলে মিজানুর রহমান, মিয়ানমারের আকিয়াবের রাজারবিল এলাকার নুর মোহাম্মদের ছেলে মো. হাবিবুল্লাহ, মংডু বুচিডং মুন্নিপাড়ার আবদুল্লাহর ছেলে জাহিদ হোসেন, একই এলাকার নুর বশরের ছেলে জাহাঙ্গীর, সৈয়দ হোসেনের ছেলে আবদুল হামিদ এবং আব্দুর রাজ্জাকের ছেলে ওসমান গনি।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি কক্সবাজার শহরের মাঝির ঘাট এলাকায় সুলতান আহমদের ট্রলার থেকে সাড়ে চার লাখ ইয়াবা উদ্ধার করে র‍্যাব। এ সময় ঐ ট্রলারে থাকা আটজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে সুলতান আহমদের বাড়ি থেকে আরো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে নয়জনের বিরুদ্ধে রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!