পটুয়াখালীতে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৫৮৫, বহিষ্কার ৪
পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ছিল ৫৮৫ জন। পরীক্ষার্থীয় অংশগ্রহণ করেন ২৩ হাজার ৩৫১ জন। নকল করায় ৪ জন দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে পটুয়াখালী শিক্ষা অধিদফতর অফিস।
জানা গেছে, সারাদেশের ন্যায় রোববার থেকে পটুয়াখালীতেও এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে। এ জেলায় এসএসসি পরীক্ষার্থী ১৫ হাজার ৩৬৩ জনের মধ্যে অংশগ্রহণ করেন ১৫ হাজার ১৫৫ জন, অনুপস্থিত রয়েছে ২০৮ জন। দাখিলে ৬ হাজার ৬২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ২৯৭ জন অংশ নেন, অনুপস্থিত রয়েছেন ৩৩০ জন। এসএসসি (ভোকেশনাল) এ ১ হাজার ৯৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৮৯৯ জন অংশগ্রহণ করেন, ৪৭ জন অনুপস্থিত রয়েছেন। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য জেলার ৮টি উপজেলায় ৬৫টি কেন্দ্রে ১৬ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়। এ ছাড়াও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে ভ্রাম্যমাণ ৪টি টিম গঠন করা হয়।
পটুয়াখালী শিক্ষা অধিদফতর অফিস জানায়, পরীক্ষায় নকল করার দায়ে বাউফল উপজেলার কেন্দ্র-৩ কালাইয়া রব্বানীয়া দাখিল মাদরাসায় ৩ জন এবং একই উপজেলার কেন্দ্র-৫ এর নওমালা নেছারিয়া ফাজিল মাদরাসায় ১ জনকে বহিষ্কার করা হয়েছে।