আগামী ৩০ এপ্রিল সারাদেশে একযোগে এসএসসি সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এ বছর এসএসসি সমমান পরীক্ষা দেবে ২ হাজার ১৪০ শিক্ষার্থী। সুষ্ঠু পরিবেশে নকলমুক্ত পরীক্ষা গ্রহণের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
এ বছর সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে উপজেলার সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো। এর মধ্যে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। এ উপজেলার ৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
.png)
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি মাদরাসা ও ১টি টেক্সটাইল ভোকেশনাল স্কুল থেকে ২ হাজার ১৪০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৭৩৮ জন, দাখিল পরীক্ষার্থী ৩১৪ জন এবং ভোকেশনালের পরীক্ষার্থী ৮৮ জন। মোট পরীক্ষার্থীর ৮৯৬ জন ছাত্র এবং ১ হাজার ২৪৪ জন ছাত্রী।
পরীক্ষা কেন্দ্রগুলো হলো- আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, মোগড়া উচ্চ বিদ্যালয় ছতুরা চান্দপুর স্কুল অ্যান্ড কলেজ, আখাউড়া টেকনিক্যাল মাদরাসা, সরকারি টেক্সটাইল ভোকেশনাল। এছাড়া নাছরীন নবী বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার একটি ভেন্যু রয়েছে।
আখাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন বলেন, জেলা প্রশাসক মহোদয় পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন। সুষ্ঠু পরিবেশে নকুল মুক্ত পরীক্ষা গ্রহণের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করেছি।
ক্যামেরা স্থাপনের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জিয়াউল হক মীর জানান, এসএসসি পরীক্ষা সংক্রান্ত সভার কার্য বিবরণীর সিদ্ধান্তে পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এতে সুষ্ঠু পরিবেশে নকুল মুক্ত পরীক্ষা গ্রহণে সহায়ক হবে। মনিটরিং করতে সুবিধা হবে।