ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খুলনায় ঈদের জামাতে মুসল্লিদের ঢল

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৯, ২২ এপ্রিল ২০২৩
খুলনায় ঈদের জামাতে মুসল্লিদের ঢল
ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা

খুলনায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাতে মুসল্লিদের ঢল নেমেছে। খুলনায় ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায় নগরীর সার্কিট হাউজ ময়দানে। প্রধান জামাতের নামাজে ইমামতি করেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ করে প্রচন্ড তাপদাহ থেকে বাঁচার জন্য মহান আল্লাহর কাছে আকুতি জানানো হয়। এদিকে ঈদগাহে নেয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা।

প্রধান জামাতে ঈদের নামাজ আদায়ের জন্য এক সারিতে দাঁড়ান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী-শিল্পপতিসহ নগরীর বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষ।

সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদরাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল ৯টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্স-এ পবিত্র ঈদ-উল-ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৮টায় ১ম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা ইমরান উল্লাহ এবং সকাল সাড়ে ৯টায় ২য় জামাতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাকির হোসেন।

এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নিরালা তাবলীগ মসজিদ সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হয়।

নগরীর ইকবাল নগর জামে মসজিদে সকাল ৮টায়, ফারাজীপাড়াস্থ বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায় প্রথম ও সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। সোনাডাঙ্গা মডেল থানাধীন হাফিজ নগর এলাকার তিনটি মসজিদের মুসল্লিসহ আশপাশের মুসল্লিদের অংশগ্রহণে নির্মাণাধীন খুলনা কালেক্টরেট স্কুল মাঠের ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। হাফিজ নগর আবাসিক এলাকা সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় এবার দ্বিতীয়বারের ন্যায় এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

নগরীর রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়।
এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদ এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়। একই সময়ে সরকারি বিএল কলেজ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া মহানগরীর ৩১টি ওয়ার্ডে বিভিন্ন ঈদগাহ ময়দানে ও জেলার ৯ উপজেলায় স্থায়ী-অস্থায়ী ঈদগাহে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা সবাই কোলাকুলি করে কুশল বিনিময় করেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!