ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কেন্দুয়ায় জমে উঠেছে ঈদের বাজার

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোণা)
প্রকাশিত: ১৫:৪৫, ১৬ এপ্রিল ২০২৩
কেন্দুয়ায় জমে উঠেছে ঈদের বাজার
কেনাকাটায় ব্যস্ত ক্রেতা

আর কদিন পরেই মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদকেব সামনে রেখে কেনা কাটায় ব্যস্ত সময় পার করছেন কেন্দুয়া উপজেলার মানুষ। প্রতিটি মার্কেট ও বিপণি বিতানে পছন্দের পোশাক কিনতে ছুটছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। উপজেলার প্রতিটি শপিংমল, বিপণি বিতান ও ফুটপাতের দোকানগুলোতে ভিড় জমাচ্ছে উচ্চ, মধ্য, নিম্নবিত্তসহ নানা শ্রেণি পেশার মানুষ।

নেত্রকোনার কেন্দুয়ায় আগামী ঈদুল ফিতর উপলক্ষে জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু- কিশোর সর্বস্তরের মানুষ নেমে পড়েছে তাদের পছন্দের কেনাকাটা করতে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতারা তাদের সাধ্যের মধ্যে খুঁজছেন পছন্দের ঈদের পোশাক।

জানা যায়, কেন্দুয়া পৌরসভার বাজার, চিরাংবাজার, রোয়াইল বাড়ি বাজার, সাহিতপুর বাজার, রামপুর বাজার, বৈখেরহাটি বাজার ও নওপাড়া বাজারে ক্রেতাদের উপস্থিতি জানান দিচ্ছে জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। বিশেষ করে শাড়ি, লুঙ্গি, সিট কাপড়, গার্মেন্টস, জুতা, স্যান্ডেল, টেইলার্সের দোকান, কসমেটিকস ও মুদি ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ভিড় কেনাকাটায়। বাজারে বর্তমানে নারী ও শিশুদের কেনাকাটাই বেশি।

কসমেটিকস পণ্য বিক্রেতারা জানান, বেচাকেনা কদিন আগে একদমই ছিল না। আর এখন বেচাকেনা বেশ ভালো।

ক্রেতারা জানান, বিভিন্ন রেডিমেড কাপড় ও থ্রি-পিসের দাম তুলনামূলক ভাবে বেশি। তারা জানান, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রভাব পড়েছে বাজারে। তাই দামের কারণে অনেকের পছন্দের পোশাক কিনা সম্ভব হচ্ছে না।

কেনাকাটায় ব্যস্ত তরুণীরা

এদিকে ঈদ যেহেতু খুব কাছে তাই সিট কাপড় না কিনে বর্তমানে গার্মেন্টসগুলোতে ভিড় করছেন ক্রেতারা। জুতার দোকানগুলোতে ভিড় বেড়েছে। নানা ডিজাইনের জুতা কিনছেন তরুণ-তরুণীরা।

পাঞ্জাবি ক্রেতা রোমান ও সবুজ হোসেন বলেন, এবার ইউনিটের সুতি পাঞ্জাবি কিনেছি ১ হাজার ২০০ টাকায়। আর ভারতীয় তোসর পাঞ্জাবি বিক্রি হচ্ছে দেড় হাজার থেকে দুই হাজার টাকায়। 

ব্যবসায়ী লাকী গার্মেন্টসের মালিক ইসমাইল জানান, এবার ঈদে বেচাকেনা ভালোই শুরু হয়েছে। জিনিসপত্রের দাম একটু বেশি হলেও বিক্রি ভালো হচ্ছে। 

কেন্দুয়া বাজারের পুরাতন গার্মেন্টস ব্যবসায়ী রইছ উদ্দিন বলেন, দিন যত যাচ্ছে ভিড়ও তত বাড়ছে। সাধারণত ঈদের কয়েকদিন আগে থেকে ভিড় বেশি হয়। তিনি আরো বলেন, মার্কেটে ক্রেতা সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বেচাকেনাও অনেক বাড়ছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!