ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৬, ১২ এপ্রিল ২০২৩
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম
যশোর কোতোয়ালি মডেল থানা- ফাইল ফটো

যশোরে চাঁদার টাকা না দেওয়ায় মেহেদী হাসান নামে এক মাংস ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে এ ঘটনায় আহত মেহেদীর মা খালেদা বেগম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে যশোর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। এর আগে, মঙ্গলবার রাতে সদর উপজেলার রুপদিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত মেহেদী সদর উপজেলার কচুয়া গ্রামের রাজ্জাক শরীফের ছেলে।

জানা যায়, যশোর সদর উপজেলার রুপদিয়া বাজারে দীর্ঘদিন ধরে মাংসের ব্যবসা করে আসছিলেন মেহেদী হাসান। দুই মাস আগে স্থানীয় রাজু আহম্মেদ পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন মেহেদীর কাছে। ব্যবসার তাগিদে রাজুকে তিন লাখ ২০ হাজার টাকা দেন তিনি। মঙ্গলবার রাতে রাজুর নেতৃত্বে ১৫ থেকে ১৬ জন মেহেদীর মাংসের দোকানে এসে বাকি টাকা দাবি করেন। টাকা দিতে না চাইলে ধারালো অস্ত্র দিয়ে মেহেদীর শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। এছাড়া মেহেদীর কাছে থাকা দুই লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে ছিনতাই করে পালিয়ে যান তারা। পরে অন্য দোকানিরা মেহেদীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

Advertisement

এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য রাজু আহম্মেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক শফিকুল আলম বলেন, বিষয়টি শুনেছি। আহত মেহেদীর স্বজনরা অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে মামলা রেকর্ড করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!