ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রী পরিচয়ে হোটেলে, অতঃপর বাথরুমে মিলল তরুণীর গলাকাটা লাশ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৪, ১৮ মার্চ ২০২৩
স্ত্রী পরিচয়ে হোটেলে, অতঃপর বাথরুমে মিলল তরুণীর গলাকাটা লাশ
লাশ উদ্ধার- ফাইল ফটো

ময়মনসিংহ নগরীর ছোট বাজার এলাকার নিরালা রেস্ট হাউস নামে একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে হোটেলটির ২০৯ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, ময়মনসিংহ নগরীর বড় বাজারে এলাকায় নিরালা গেস্ট হাউস পরিচালনা করেন মো. মূসা। গত ১৪ মার্চ রাতে তরুণ-তরুণী ভুয়া নাম-ঠিকানা ও পরিচয় দিয়ে নিরালা রেস্ট হাউসের ২০৯ নম্বর কক্ষে ওঠেন। শনিবার বেলা ১২টার দিকে হাউজের এক কর্মী ঐ কক্ষটি পরিষ্কার করতে গেলে সেটি তালাবদ্ধ দেখে তার সন্দেহ হয়। পরে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ গিয়ে কক্ষটির বাথরুম থেকে ঐ তরুণীর লাশ উদ্ধার করে। এরপর বিকেলে ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

Advertisement

হোটেলের ম্যানেজার রাকিব বঙ্গবাসী জানান, তারা উঠার পর থেকে পরিচ্ছন্নকর্মী ঐ কক্ষে যখনই গিয়েছে তখনই তালাবদ্ধ পেয়েছে। গত দুইদিন বিষয়টি বুঝতে না পারলেও আজ সন্দেহ হয়। পরে থানায় খবর দিলে পুলিশ কক্ষটির তালা ভেঙে লাশ উদ্ধার করে। 

পুলিশের ধারণা, তরুণীটিকে গলাকেটে হত্যা করে লাশ বাথরুমে রেখে পালিয়ে যান ঐ তরুণ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রেস্ট হাউস মালিক মো. মূসাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, মুন্সীগঞ্জের ঠিকানা ব্যবহার করে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেলের কক্ষ ভাড়া নেয়া হয় চারদিনের জন্য। কিন্তু ১৫ তারিখ সকালেই ঐ তরুণ চলে যান। শনিবার রেস্ট হাউসে গিয়ে পুলিশ সদস্যরা কক্ষ খুলতেই বেরিয়ে আসে তরুণীর লাশ। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অভিযুক্ত তরুণকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!