ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আগুনে পুড়ল ৭ ভাইয়ের ঘর, অতিরিক্ত ধোঁয়ায় যুবকের মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫১, ৬ মার্চ ২০২৩
আগুনে পুড়ল ৭ ভাইয়ের ঘর, অতিরিক্ত ধোঁয়ায় যুবকের মৃত্যু
আগুনে পুড়ে যাওয়া মাটির দোতলা বসতবাড়ি- ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে আগুন লেগে সাতটি মাটির দোতলা বসতবাড়ি পুড়ে গেছে। এ সময় অতিরিক্ত ধোঁয়ায় শাপিন প্রামানিক নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাণীনগর, নওগাঁ ও আদমদীঘি থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার রাতে রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের পাকুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শাপিন একই গ্রামের আফছার আলীর ছেলে।

এদিকে সোমবার সকালে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাণীনগর থানার ওসি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Advertisement

মৃত শাপিনের বড় ভাই সেকেন্দার আলী বলেন, রোববার রাতে খাবার খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। হঠাৎ করেই রাত সোয়া ১টার দিকে বাড়িতে আগুন জ্বলতে দেখি। আমাদের চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ছুটে আসে। এরপর নওগাঁ এবং আদমদীঘি ফায়ার সার্ভিসে খবর দিলে তিনটি ইউনিট মিলে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আদের সাত ভাইয়ের সাতটি মাটির দোতলা বসতবাড়ি, আসবাবপত্র, ধান, চাল, সরিষাসহ সব মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

এরপর ফায়ার সার্ভিসের লোকজন শাপিনের ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তা বলতে পারেননি তিনি।

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার জিয়াউল হক জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় শাপিন নামে একজনের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাপিন অতিরিক্ত ধোঁয়ায় মারা গেছেন। এছাড়া আগুনে সাতটি বাড়ির সমস্ত মালামাল এবং তিনটি খড়ের পালা ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তৎক্ষণাৎ কিছু নগদ অর্থ, বস্ত্র, চাল-ডাল সহায়তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণ ও পুনর্বাসনে সার্বিক সহায়তা করা হবে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আগুনে মৃত্যুর ঘটনায় শাপিনের স্ত্রী বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডের বিষয়ে সুষ্ঠুভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: আগুন নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!