জমি নিয়ে বিরোধে বউ-ছেলে মিলে মারধর, থানায় বৃদ্ধ বাবা
লক্ষ্মীপুরে জমি লিখে না দেওয়ায় এক বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ উঠেছে ছেলে ও তার বউয়ের বিরুদ্ধে। এ ঘটনায় কমলনগর থানায় ছেলে নুরনবী ও তার স্ত্রী মায়া বেগমের বিচার চেয়েছেন ঐ বৃদ্ধ।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বৃদ্ধ আলী এরশাদ উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরকাদিরা গ্রামের চৌকিদার বাড়ির বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।
আলী এরশাদ জানান, তার পাঁচ ছেলে ও দুই মেয়ে। কিছু সম্পত্তি তাদের ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়েছে। ছেলে নুরনবী তার ভাগের জমি বিক্রি করে দেয়। কয়েক বছর ধরে তিনি আবারো জমি দাবি করে। জমি না দেওয়ায় তাকে বেশ কয়েকবার নুরনবী মারধর করেছেন। ছেলের মারধরের ঘটনায় সম্প্রতি লক্ষ্মীপুর আদালতে একটি মামলা দায়ের করেন তিনি।
আর ঐ মামলার বিষয়ে জানতে পেরে নুরনবী তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন। বুধবার সন্ধ্যায় নুরনবী ফের জমির জন্য তার সঙ্গে ঝগড়া করেন। একপর্যায়ে নুরনবী ও তার স্ত্রী মায়া তাকে মারধর করেন। একপর্যায়ে তার (এরশাদ) গায়ে থাকা পাঞ্জাবি ও গেঞ্জিও ছিঁড়ে যায়। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে।
এ প্রসঙ্গে বৃদ্ধের নাতি কামাল উদ্দিন বলেন, তারা আমার নানাকে কিলঘুষি মেরে আহত করেছেন। লাঠি ছাড়া আমার নানা দাঁড়াতে পারে না। উপর্যুপরি কয়েকটি কিল-ঘুষি মারতে দেখে আমি ও আমার অন্য এক মামা নানাকে তাদের হাত থেকে রক্ষা করি।