ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রাইভেটকারে মিলল নিখোঁজ শিক্ষক দম্পতির লাশ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৭, ১৮ আগস্ট ২০২২
প্রাইভেটকারে মিলল নিখোঁজ শিক্ষক দম্পতির লাশ
টঙ্গীর শহিদ স্মৃতি স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন, তার স্ত্রী আমজাদ আলী স্কুলের সহকারী শিক্ষিকা জেলি আক্তার। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে নিখোঁজ শিক্ষকদম্পতির লাশ প্রাইভেটকারের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার ভোরে নিমতলী হায়দ্রাবাদ ব্রিজ এলাকায় তাদের প্রাইভেটকারের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন টঙ্গীর শহিদ স্মৃতি স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন, তার স্ত্রী আমজাদ আলী স্কুলের সহকারী শিক্ষিকা জেলি আক্তার।

নিহত শিক্ষক দম্পতির ছেলে মো. মিরাজ জানান, টঙ্গীর কামারজুরি এলাকার নিজ বাড়ি থেকে একই গাড়িতে করে শিক্ষক দম্পতি তাদের স্কুলের উদ্দেশে বের হন। স্কুল শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু এরপর থেকে তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। স্বজনরা রাতভর খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাচ্ছিলেন না। ভোরের দিকে হায়দ্রাবাদ ব্রিজ এলাকা থেকে ওই গাড়ির ভেতর চালকের আসনে প্রধান শিক্ষক ও পাশেই স্ত্রীর লাশ পাওয়া যায়। সেখান থেকে প্রথম তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উত্তরার অপর একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গাজীপুর মহানগরের গাছা থানার ওসি নন্দলাল চৌধুরী জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!