ঝালকাঠিতে খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় ট্রলারচালক উদ্ধার
ঝালকাঠিতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় খাল থেকে পার্থ হালদার নামে এক ট্রলারচালককে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা।
শনিবার রাতে সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভিমরুলী গ্রামের দুয়ারী খাল থেকে তাকে উদ্ধার করা হয়। পার্থ হালদারকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাত দেড়টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা নিয়ে তার শারীরিক অবস্থার উন্নতি হয়।
পার্থ হালদারের পরিবারের দাবি, ভিমরুলীর ‘পেয়ারা চাষি সমবায় সমিতি’ নামের স্থানীয় একটি এনজিও’র মালিক জীবন কৃষ্ণ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে পার্থকে হত্যার চেষ্টা করেছেন।
কীর্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া বলেন, অভিযুক্ত জীবন পার্থের কাছে টাকা পাবেন এ বিষয়টি সত্য। এর জেরে গত শনিবার জীবন তার ট্রলার আটকান। তবে পার্থকে কে বা কারা খালে ফেলে রেখেছিল সে বিষয়টি এখনো জানা যায়নি।
পার্থের স্ত্রী সমাপ্তি হালদার বলেন, ছয় মাস আগে জীবন কৃষ্ণ বাবুর সমিতি থেকে ১৫ হাজার টাকা ঋণ নেন পার্থ। কিস্তির টাকা শোধ করতে ট্রলার ভাড়া নিয়ে পেয়ারা বাগানে পর্যটকদের ঘুরে দেখানোর কাজ করেন তিনি। অভাবের সংসারে দৈনিক অল্প যা আয় হয় তা দিয়েই দিন চলত। এর মধ্যে কিস্তির টাকা দিতে না পারায় সমিতি থেকে লোকজন প্রতিদিন তাকে মারতে আসত। তারাই আমার স্বামীকে হত্যার চেষ্টা করেছে।
এদিকে পার্থের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতে থানায় অভিযোগ দিতে পারেনি তার পরিবার। পার্থের বাবা মানসিক ভারসাম্যহীন এবং দুই বছরের মেয়েকে নিয়ে রাতে থানায় যেতে পারেননি বলে জানান সমাপ্তি হালদার।
অভিযুক্ত জীবন কৃষ্ণ রাত থেকে গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সদর থানার ওসি খলিলুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।