২০ টাকার নাপা সিরাপ ৩৫ টাকায় বিক্রি করায় জরিমানা
রাজশাহীতে ২০ টাকা মূল্যের ৬০ মিলি নাপা সিরাপের গায়ে ৩৫ টাকা লিখে বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা গুনেছে রাজশাহীর এক ফার্মেসি।
বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী এ জরিমানা করেন।
বিকেলে সহকারী পরিচালক মো. মাসুম আলী ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করে বলেন, নাপা সিরাপের দাম ২০ টাকা। কিন্তু নগরীর উপশহর দড়িখরবোনা এলাকার জননি ফার্মেসি মালিক সিরাপের লেবেলে থাকা ২০ টাকা কেটে ৩৫ টাকা দাম বসিয়েছেন। ১৫ টাকা বেশি দরে বিক্রি করেছেন মেহেদী হাসান নামের এক ক্রেতার কাছে।
এরপর ২৭ জুলাই ফার্মেসির বিরুদ্ধে ভোক্তা অধিকারে অভিযোগ করেন ঐ ক্রেতা। অভিযোগের ভিত্তিতে আজ জেলা ভোক্তা অধিকার দফতরে শুনানি শেষে জরিমানা করা হয়।
জানতে চাইলে মো. মাসুম আলী বলেন, নাপা সিরাপের লেবেলে ২০ টাকা মূল্য কেটে দিয়ে ৩৫ টাকা লিখে বিক্রির দায়ে ঐ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জেলায় বিভিন্ন জায়গায় ভেজাল পণ্য ক্রয়-বিক্রয়, অতিরিক্ত মূল্য নেয়া ছাড়াও ভোক্তার স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো অনিয়ম রোধে প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালানা চলমান রয়েছে।
তিনি আরো বলেন, দোকানিরা সচেতন হতে শুরু করেছে। শুধু ফার্মেসি নয়; দাম বাড়ার সুযোগ নিতে যে কেউ অসদুপায় গ্রহণ করলে তাদের আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সবসময় পাশে আছে।