রাজশাহীতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
রাজশাহীর পুঠিয়ায় এক রোহিঙ্গা যুবক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় অভিযান চালায় র্যাব-৫। গ্রেফতার রোহিঙ্গা যুবকের নাম হাবিবুল্লাহ (২৯)। তিনি কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. বকসুর ছেলে।
তার সহযোগী রাজু আহম্মেদ (৩১) পুঠিয়ার কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। দুইজনের নামে রাতেই পুঠিয়া থানায় মাদক আইনে মামলা করেছে র্যাব।
সোমবার (১ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানিয়েছে, ব্যবসায়ী রাজু আহম্মেদের বাড়িতে মাদক কেনাবেচার গোপন সংবাদ ছিল। এর ভিত্তিতে রাতে রাজুর বাড়িতে অভিযান চালায় র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে রাতে পালিয়ে যান এক মাদক ব্যবসায়ী। তবে ধরা পড়েন রাজু ও রোহিঙ্গা যুবক হাবিবুল্লাহ। এ সময় তাদের কাছ থেকে দুটি প্যাকেটে ১ হাজার ইয়াবা উদ্ধার হয়।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা যুবক হাবিবুল্লাহ কক্সবাজার থেকে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহের কথা স্বীকার করেন। উখিয়া থেকে ইয়াবা এনে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন তারা। উদ্ধার হওয়া ইয়াবার এই চালানটিও এনেছিলেন রাজশাহীতে বিক্রির উদ্দেশ্যে। পরে এ নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছে র্যাব।