সিংড়ায় ২০ কেজি ওজনের গঙ্গা কাছিম উদ্ধার
নাটোরের সিংড়ায় ২০ কেজি ওজনের একটি গঙ্গা কাছিম উদ্ধার করেছেন পরিবেশ কর্মীরা। বৃহস্পতিবার (১৪জুন) দুপুর ১টায় চলনবিলের ডাহিয়া এলাকায় অভিযান চালিয়ে বিরল প্রজাতির কাছিমটি উদ্ধার করা হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বুধবার চলনবিলের ডাহিয়া এলাকার একটি বানার ফাঁদে ২০ কেজি ওজনের কাছিমটি পায় স্থানীয় মৎস্যজীবী সুজা ও সামাউল ইসলাম। পরে সেটিকে ২০ হাজার টাকায় কিনে নেন স্থানীয় সেলুন ব্যবসায়ী (ক্ষুরকার) শ্রী সুবেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে সমালোচনা শুরু হলে কাছিমটি ফেরত দেওয়া হয়।
পরে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ঘণ্টাব্যাপী ডাহিয়া এলাকায় অভিযান চালিয়ে কাছিমটিকে উদ্ধার করা হয়। আর এই উদ্ধার কাজে সহযোগিতা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও পরিবেশ কর্মী সজিব ইসলাম জুয়েল, স্থানীয় ইউপি সদস্য রুবেল হোসাইনসহ এলাকাবাসী।আর এ কাছিমটি রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বিভাগীয় কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় এটিকে সংরক্ষণ করা দরকার। যদি এটি হারিয়ে যায় তবে ইকোসিস্টেম ভারসাম্য নষ্ট হবে।