সাগরে ১৩৭ কাছিমের বাচ্চা অবমুক্ত
কক্সবাজারের টেকনাফে ১৩৭টি কাছিমের বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার ঐ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজামপাড়া কাছিমের হ্যাচারি থেকে সদ্য প্রস্ফুটিত এসব বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন কোডেক নেচার অ্যান্ড লাইফ প্রকল্পের ডিপিডি নারায়ন চন্দ্র দাস।
তিনি বলেন, বিপন্নপ্রায় সামুদ্রিক কাছিম সংরক্ষণে কোডেক-নেচার অ্যান্ড লাইফ প্রকল্পের উদ্যোগে ইউএসএইড-এর অর্থায়নে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) পরিচালনায় বাহারছড়া ইউনিয়নের সমুদ্র সৈকতে ডিম থেকে বাচ্চা উৎপাদনের জন্য দুটি কাছিমের হ্যাচারি স্থাপন করা হয়। এ বছর হ্যাচারিগুলোতে বাচ্চা ফোটানোর জন্য ২ হাজার ৪০৪টি ডিম সংরক্ষণ করা হয়। যা থেকে এখন পর্যন্ত ৮৩১টি কাছিমের বাচ্চা পাওয়া গেছে। সেগুলো সমুদ্রে অবমুক্ত করা হয়।
এছাড়া সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে জেলে সম্প্রদায়সহ স্থানীয় জনসাধারনের সচেতনতা বৃদ্ধি জন্য কোডেক-নেচার অ্যান্ড লাইফ প্রকল্প কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন নারায়ন চন্দ্র দাস।
এ সময় শিলখালী রেঞ্জ কর্মকর্তা মো. শাফিউল ইসলাম, কোডেক নেচার অ্যান্ড লাইফ প্রকল্পের এনআরএম ম্যানেজার অসীম বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।