ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পুকুরে ডুবে লাশ হলো ৩ রোহিঙ্গা শিশু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ৬ জুন ২০২২
পুকুরে ডুবে লাশ হলো ৩ রোহিঙ্গা শিশু
পানিতে ডুবে শিশুর মৃত্যু-প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুন) সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে পৃথক দুর্ঘটনায় ওই শিশুরা মারা যায়।

সোমবার সকাল ৮টায় উপজেলার নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের ডি ব্লক সংলগ্ন তারকাঁটা বেষ্টনীর বাইরের পুকুর থেকে দুই রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করা হয়। রোববার সন্ধ্যা থেকেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

মৃতরা হলো- ডি ব্লকের শেড ৭১২/১ এর মোহাম্মদ সাকেরের ছেলে কামাল সাদেক (৭) ও ক্যাম্প-২৬ (শালবাগান) এর নুরুল বাশারের ছেলে ইয়াছির (৮)।

এদিকে, সোমবার দুপুর ১২টায় উপজেলার নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের বি-ব্লক এলাকায় ছাগল চড়াতে গিয়ে সাইফুল (১৪) পুকুরে পড়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় আইপিডি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করেন। সেখানে দুপুর আড়াইটায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সাইফুল একই ব্লকের ১০০৯/৪ নম্বর শেডের আইয়ুব আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ১৬ এপিবিএনের অধিনায়ক এসপি তরিকুল ইসলাম বলেন, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি টেকনাফ থানা পুলিশকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!