রংধনু গ্রুপের চেয়ারম্যানের ওপর হামলা, আহত ৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার এক সঙ্গী গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
শুক্রবার বিকেলে ঐ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু ঘটনাস্থল পরিদর্শন করে জানান, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম অক্ষত আছেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন আছে। হামলাকারীদের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নাওড়া গ্রামে মুসা মিয়ার বাড়িতে কুলখানিতে যোগ দেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম। ঐ সময় ৫০-৬০ জন সেখানে অতর্কিত হামলা চালান। তাদের মধ্যে কয়েকজন এলোপাতাড়ি গুলি করেন। অন্যরা বাড়িতে ইটপাটকেল ও টেঁটা নিক্ষেপ করেন।
রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমি জুম্মার নামাজ শেষে স্থানীয় দুইজন মেম্বারসহ ৫-৬ জনকে নিয়ে কুলখানিতে যাই। কিছুক্ষণ পর বাড়ির ভেতর থেকে গুলির শব্দ শুনি। জানালা দিয়ে দেখি, বাইরে থেকে আমার দিকে গুলি ছোড়া হচ্ছে। স্থানীয় সন্ত্রাসী মোশারফ বাহিনী এ হামলা চালিয়েছে। গুলিতে আমার একজন লোক আহত হন। ইটপাটকেলের আঘাতে আরো দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানান, এ হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।