ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ডেইলি বাংলাদেশের রূপগঞ্জ প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৮, ২২ জুন ২০২১
ডেইলি বাংলাদেশের রূপগঞ্জ প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা
সাংবাদিক রিয়াজ হোসেন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেইলি বাংলাদেশ-এর উপজেলা প্রতিনিধি মো. রিয়াজ হোসেনের ওপর অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে।

সোমবার রাত সোয়া ১২টার দিকে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার খাঁপাড়ায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন সাংবাদিক রিয়াজ হোসেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহতের সহকর্মী জয়নাল আবেদীন জয় জানান, সোমবার রাতে ঢাকায় একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে প্রাইভেটকারে বাড়ি ফিরছিলেন তারা। রাত সোয়া ১২টার দিকে কাঞ্চন বাজারের ডিস অফিসের সামনে রিয়াজ হোসেনকে নামিয়ে দিয়ে চলে যান জয়। সেখান থেকে বাড়ির কাছাকাছি পৌঁছালে একদল সন্ত্রাসী রিয়াজ হোসেনের ওপর হামলা চালায়। ওই সময় তারা ধারাল অস্ত্র দিয়ে মাথায় প্রচণ্ড আঘাত করে। এতে রিয়াজের মাথার হাড় কেটে যায়। আহত রিয়াজ হোসেনের চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সুফী দায়েমুদ্দিন হাসপাতালে ভর্তি করে। সেখানে রিয়াজের মাথায় ১৮টি সেলাই দেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রিয়াজকে ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সাংবাদিক জয় আরো জানান, বেশ কয়েকদিন ধরেই সংবাদ প্রকাশের জেরে সন্ত্রাসীরা নানাভাবে হুমকি দিচ্ছিল। এ ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত। এ ব্যাপারে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!