ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ড্রেজারের ধাক্কায় ভেঙে গেল ব্রিজের পিলার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৫, ২২ মে ২০২২
ড্রেজারের ধাক্কায় ভেঙে গেল ব্রিজের পিলার
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শেরপুরে চলন্ত ড্রেজারের ধাক্কায় বাঙালি নদীর ওপর নির্মিত জোড়গাছা-বেলগাছি ব্রিজের একটি পিলার ভেঙে গেছে। এ ঘটনায় ড্রেজার চালকসহ তিনজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

রোববার বেলা ১২ টার দিকে শেরপুর উপজেলায় বাঙালি নদীর সুঘাট ইউপির জোড়গাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ড্রেজার ধাক্কায় বিজ্রের ৬ নম্বর পিলার ভেঙে গেছে।

এ ঘটনা আটকরা হলেন- ড্রেজার চালক কবির, তার সহকারী রাশেদ ও ইসমাইল।

জানা গেছে, চাকদা ট্রেডিং কোম্পানীর ওই ড্রেজারটি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বালু উত্তোলনের কাজ শেষে করে সিরাজগঞ্জের দিকে রওনা দেয়। ড্রেজারটি স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) নির্মিত জোড়গাছা-বেলগাছির আর সিসি গার্ডার ব্রিজ অতিক্রম করার সময় ওই দুর্ঘটনা ঘটে। এ সময় ড্রেজারটি ব্রিজের ৬ নম্বর পিলারে ধাক্কা দেয়। ড্রেজারের ধাক্কায় পিলার ভেঙে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বর্তমানে ওই ব্রিজের ওপর দিয়ে পাঁচ টনের বেশি মালামাল নিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধা রাখা হয়েছে। ব্রিজের দুপাশে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।

ব্রিজের পিলার ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলার উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ব্রিজের পিলার ভেঙে যাওয়ার ঘটনায় তিনজনকে হেফাজতে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা হয়নি। অভিযোগ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
প্রসঙ্গত, ১৯৯৬-১৯৯৭ অর্থ বছরের বাংলাদেশ সরকার ও নেদারল্যান্ডের প্রকল্পের আওতায় তালুকদার কনস্ট্রাকশনের মাধ্যমে ওই ব্রিজের নির্মাণ কাজ শুরু করা হয়। পরবর্তীতে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে গার্ডার ব্রিজটির নির্মাণ করা হয়। ২০০৭ সালের ৩০ জুন মাসে ব্রিজটির উদ্বোধন করা হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!