[ দেশজুড়ে ]
বেঞ্চ নেই, মাঠেই পাঠদান
বেঞ্চ সংকটে স্কুলের মাঠেই ক্লাস করছে কুমিল্লার বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: ডেইলি বাংলাদেশ
কুমিল্লার বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়। সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর এ শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রতি একটি একতলা ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। চারতলা ভবনের কাজ চলছে। তবে সংকট রয়েছে বেঞ্চের। এ কারণে পাঠদান চলে বিদ্যালয়ের মাঠে।
সরেজমিনে দেখা গেছে, মাঠের সবুজ ঘাসে গোল হয়ে বসে আছে শিক্ষার্থীরা। তাদের মাঝে দাঁড়িয়ে পাঠদান করছেন শিক্ষক। আবশ্যিক বিষয়গুলো কোনোরকমে শ্রেণিকক্ষে নিলেও বিভাগীয় ক্লাসগুলো এভাবেই খোলা আকাশের নিচে নেয়া হয়।
শিক্ষক অঞ্জন কুমার আচার্য বলেন, আমাদের ভবন হলেও বেঞ্চ পাইনি। তাই বাধ্য হয়ে মাঠে ক্লাস নিতে হচ্ছে। প্রতিদিন এভাবে তিনটি ক্লাস নেয়া হয়। বৃষ্টি হলে সময় সমস্যায় পড়তে হয়।
চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, সম্প্রতি একটি একতলা ভবন বুঝে পেয়েছি। চারতলা আরেকটি ভবন নির্মাণের কাজ চলছে। তবে আমাদের বেঞ্চের সংকট রয়েছে। এ কারণে কিছু ক্লাস মাঠে নিতে হয়।
বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, নতুন ভবনের সঙ্গে বেঞ্চ দেওয়ার কথা। বিষয়টি খোঁজ নিয়ে বলতে পারব। স্কুলটির সংকট নিরসনে বিষয়গুলো আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানাবো।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!