ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

শিশু সন্তানের সামনেই স্ত্রীকে হত্যা করেন রাসেল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৯, ৩০ মার্চ ২০২২
শিশু সন্তানের সামনেই স্ত্রীকে হত্যা করেন রাসেল
গ্রেফতারকৃত রাসেল

চট্টগ্রামের সীতাকুণ্ডে আমেনা বেগম নামে এক নারীকে তার দুই বছরের শিশু সন্তানের সামনে হত্যার ঘটনার রহস্য উন্মোচন করেছে সিআইডি। এ ঘটনায় নিহতের স্বামী মো. রাসেলকে গ্রেফতার করা হয়েছে।

সিআইডি জানায়, আমেনা বেগম গত ১৫ দিন আগেই সীতাকুণ্ডের এই বাসা ভাড়া নিয়ে থাকা শুরু করেন। পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করেছে তার স্বামী।

এ বিষয়ে বুধবার সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

তিনি জানান, হত্যার পর পরই সিআইডি ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে সংগৃহীত বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে নিহতের স্বামী রাসেলের সংশ্লিষ্টতা পাওয়া যায়। মঙ্গলবার রাতে ময়মনসিংহের ভালুকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেন রাসেল।

মুক্তা ধর জানান, প্রায় ৩ বছর আগে চট্টগ্রাম এলাকায় বসবাসকালে আমেনা বেগমের সঙ্গে তার পরিচয় হয়। উভয়ের সম্মতিতে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ২ বছর বয়সী একটি শিশু সন্তান রয়েছে। এতদিন তারা টাঙ্গাইল শহরে ভাড়া বাসায় বসবাস করতেন। আয় কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাওয়ায় এবং নেশার সঙ্গে সম্পৃক্ত হওয়ায় রাসেল তার স্ত্রী আমেনা বেগমকে যৌতুকের দাবিতে মারধর করতেম। বিষয়টি আমেনা বেগম তার বাবা জামালকে জানায়। জামাল দুজনকে চট্টগ্রামের সীতাকুণ্ডে কম ভাড়ার বাসা নিয়ে থাকার পরামর্শ দেন। ১৫ দিন আগে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়াতে ৮০০ টাকা ভাড়ায় বসবাস শুরু করেন তারা। রাসেলের শ্বশুরও তাদের কাছাকাছি থাকতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, সুবেদার রোলিং মিল নামে একটি প্রতিষ্ঠানে রাসেল কাটারম্যান হিসেবে চাকরিতে যোগ দেন, পাশাপাশি সীতাকুণ্ড থেকে তার প্রথম স্ত্রী রাশেদা বেগমের সঙ্গে যোগাযোগ ও টাকা নেয়া শুরু করেন। এ নিয়ে ২৬ মার্চ আমেনার সঙ্গে তার কলহ সৃষ্টি হয়। রাত আনুমানিক ১টায় রাসেল শিশু সন্তানের সামনেই স্ত্রীকে গলাটিপে হত্যা করেন। ঘটনাটি ভিন্নঘাতে প্রবাহিত করার জন্য লাশ ঘরের ভেতর রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঐ ঘটনায় নিহত আমেনার ভাই বাবলু বাদী হয়ে রাসেলের বিরুদ্ধে হত্যা মামলা করেন। গ্রেফতারকৃত রাসেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতে সোপর্দ করেছে সিআইডি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!