শিশু নির্যাতন মামলার একদিন পর মিলল আসামির ঝুলন্ত লাশ
গাইবান্ধার পলাশবাড়ীতে আম গাছ থেকে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি রোস্তম আলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার সাতারপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত রোস্তম আলী সাতারপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টার দিকে রোস্তমের বাড়ির পাশের একটি আম গাছে ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। প্রাথমিকভাবে লোকলজ্জার ভয়ে রোস্তম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু ফাঁস লাগানো থাকলেও গাছে ঝুলন্ত রোস্তমের পা মাটিতে লেগে ছিল। যা এলাকাবাসীর মনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা জানান, রোস্তমের বিরুদ্ধে গত ২৭ মার্চ এক নির্যাতিতা শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার একদিন পর তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, গত ২৫ মার্চ সকাল ১০টার দিকে অন্যান্য শিশুদের সঙ্গে মেয়েটি খেলাধুলা করছিল। এ সময় রোস্তম আলী শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাশের পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যান। সেখানে মেয়েটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। এতে চেয়েটির চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এলে রোস্তম কৌশলে পালিয়ে যান।