ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, আহত ২০ 

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৪, ২০ ফেব্রুয়ারি ২০২২
আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, আহত ২০ 
 আশুলিয়ায়  ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ: ছবি ডেইলি বাংলাদেশ

ঢাকার সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার ধামসোনা ইউনিয়নের গাজিরচটের আড়িয়ারার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়,আড়িয়ারার মোড় এলাকার এস এ আর ইন্টারন্যাশনাল ক্লোথিং গার্মেন্টসে চার বছর ধরে ঝুট ব্যবসা করে আসছিলেন কাইয়ুম খান নামে এক যুবক। পরে ঐ যুবকের কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন আমিন মাদবর নামে এক যুবক। এ সময় ঐ ঝুট ব্যবসায়ী চাঁদার টাকা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তার ওপর ক্ষিপ্ত হয়। 

পরে রোববার দুপুরে ঐ ঝুট ব্যবসায়ী পোশাক কারখানায় ঝুট বের করতে গেলে একদল মুখোশধারী সন্ত্রাসী কাইয়ুম খান ও তার লোকজনের ওপর হামলা চালায়। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দুই গ্রুপই মুখোমুখি অবস্থানে রয়েছে।

তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান। তিনি আরো জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: ঝুট সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!