টাকা দিয়েও শেষ রক্ষা হলো না ঝুট ব্যবসায়ীর
গাজীপুরে এক ঝুট ব্যবসায়ীকে লেনদেন নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। রোববার মধ্যরাতে শহরের চান্দনা পূর্বপাড়া এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন ঢাকার কেরাণীগঞ্জের বাচন আলীর ছেলে। বছর ১৫ আগে তিনি চান্দনা পূর্বপাড়া এলাকায় জমি কিনে বসবাস শুরু করেন বলে স্বজনরা জানান।
স্বজনরা জানান, আরিফ ঝুটের ব্যবসা করতেন। বিভিন্ন পোশাক কারখানা থেকে ঝুট কিনে প্রক্রিয়াজাত করে বেচতেন। রোববার রাতে দুই বন্ধু তাকে আটকে রেখে ফোনে তার স্ত্রীর কাছে টাকা চান। আরিফের স্ত্রী ও স্বজনরা বিকাশের মাধ্যমে তাদের ৩০ হাজার টাকা পাঠায়। রাত দেড়টার দিকে তারা ফোন করে জানায়, আরিফ আহতাবস্থায় চান্দনা পূর্বপাড়া এলাকায় পড়ে আছেন। স্বজনরা তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাসন থানার ওসি কাউসার আহমেদ চৌধুরী জানান, আরিফের দুই হাতের রগ ও আঙ্গুল কাটা এবং পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ব্যবসা সংক্রান্ত টাকা-পয়সার লেনদেন নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে জানিয়ে তিনি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ইয়াসিন খান নামে একজনকে আটক করা হয়েছে।