দাফনের সাড়ে ৫ মাস পর কবর থেকে তোলা হলো যুবকের লাশ
নোয়াখালীর সেনবাগে দাফনের ৫ মাস ১৬ দিন পর মো. ইউসুফ ওরফে রাফি নামে এক যুবকের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করেছে পুলিশ।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সেনবাগ উপজেলা সহকারী কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজমিন আলম তুলির উপস্থিতিতে লাশটি কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৭ মে রাতে প্রতিবেশী নাছির উদ্দিনের ছেলে ইমরান মোবাইল ফোনে রাফিকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর ২৮ মে রাত আনুমানিক আড়াইটার দিকে অভিযুক্ত ইমরান রাফির বাড়িতে এসে জানান রাফি তাদের বাড়িতে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে তারা রাফিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে কুমিল্লার মুন হাসপাতালের আইসিইউ ইউনিটে ৪ দিন লাইফ সাপোর্টে রাখা হয়।
আরো পড়ুন: বিদ্যুৎহীন থাকবে সিলেট, যা জানালো বিউবো
এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ১ জুন থেকে ৬ জুন ঢাকার মোহাম্মদপুর সিটি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার কোনো উন্নতি না হওয়ায় ৬ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৬৬ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাফির মৃত্যু হয়।
এর আগে, রাফির ভাই মাসুদুর রহমান তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে বলে গত বছরের ২১ জুন প্রতিবেশী ইমরান, তার মা বিবি মরিয়ম প্রকাশ রুনাসহ অজ্ঞাত আরও ২ জনকে আসামি করে সেনবাগ থানায় মামলা দায়ের করেন।
মৃত্যুর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাফির ময়নাতদন্ত করা হলেও রাফির পরিবার ওই ময়নাতদন্তের রিপোর্ট প্রত্যাখান করে পূর্ণ ময়নাতদন্তের আবেদন করেন। এর প্রেক্ষিতে বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে রাফির লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।