নতুন রূপে ওসমানী উদ্যান, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দীর্ঘ সংস্কার ও আধুনিকায়ন শেষে রাজধানীর অন্যতম ঐতিহাসিক প্রাঙ্গণ ‘ওসমানী উদ্যান’ এবং এতে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় আধুনিক সুবিধার ছোঁয়া পাওয়া পার্কটি উন্মোচন ও স্মারক স্তম্ভটির শুভ উদ্বোধন করেন তিনি।
প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ওসমানী উদ্যানের সার্বিক আধুনিকীকরণসহ জুলাই শহীদদের স্মরণে দৃষ্টিনন্দন এই ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হয়েছে। এর ফলে দর্শনার্থী ও সাধারণ মানুষ ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-আগস্ট অভ্যুত্থান এবং এতে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মৃতির মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন।
পুলিশ সদর দপ্তরের বিপরীতে পার্কটির মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই বাঁ পাশে দেখা মিলবে দৃষ্টিনন্দন লেক, দৃষ্টিনন্দন ফোয়ারা, আধুনিক লাইব্রেরি, জিমনেসিয়াম ও ক্যাফেটেরিয়ার। লাইব্রেরির একটু আগেই রয়েছে একটি সিঁড়ি, যা নেমে গেছে মাটির নিচে নির্মিত আধুনিক জাদুঘরের দিকে।
উদ্যানের ঠিক মধ্যভাগে স্থাপন করা হয়েছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। সীমানা পাকা করে চারপাশে ঘেরা জায়গায় স্টিলের পাতের ওপর খোদাই করে লেখা হয়েছে জুলাইয়ের শহীদদের নাম। পাশাপাশি স্মৃতিস্তম্ভটির রেলিংয়ের ভেতরের অংশে আন্দোলনের স্মৃতিবিজড়িত চিত্রমালা স্থায়ীভাবে প্রদর্শন করা হয়েছে। স্মৃতিস্তম্ভটির ঠিক সামনেই রয়েছে প্রতীকী একাধিক কবর, যার পাশ দিয়েই তৈরি করা হয়েছে শরীরচর্চা ও হেঁটে চলার মনোরম পথ।