ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

সব সম্প্রদায়ের অধিকার সমান: রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৯, ১৯ অক্টোবর ২০২৬
সব সম্প্রদায়ের অধিকার সমান: রিজভী
ছবি সংগ্রহীত

'বাংলাদেশি জাতীয়তাবাদ' হলো এমন একটি রঙিন বাগান, যেখানে সব ধর্ম ও জাতের মানুষ পাশাপাশি থেকে নিজেদের মর্যাদা নিয়ে বিকাশ লাভ করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

সোমবার (১৯ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও দর্শনের মূলে ছিল সর্বস্তরের মানুষের সহাবস্থান। দুর্গাপূজার মতো ধর্মীয় উৎসবের কোনো নির্দিষ্ট সীমানা নেই; এর সর্বজনীন রূপ দেশের সব নাগরিককে একই সুতোয় বাঁধে। অসত্যকে পরাজিত করে সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করাই দুর্গাপূজার মূল বার্তা।

সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে রিজভী উল্লেখ করেন, যার যার ধর্মীয় বিশ্বাস তার ব্যক্তিগত বিষয় হলেও নাগরিক হিসেবে রাষ্ট্রীয় সুবিধায় প্রত্যেকের সমান অধিকার রয়েছে। প্রতিটি নাগরিক যাতে ভয়হীন ও নিরাপদ পরিবেশে উৎসব পালন করতে পারে, তা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব।

বিএনপির উদ্যোগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুর্গাপূজার ছুটি বাড়ানো, মণ্ডপে সরকারি সহায়তা বৃদ্ধি এবং পুরোহিতদের সম্মানি দেওয়ার মতো নানা কল্যাণমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।

রিজভী সতর্ক করে বলেন, বাংলাদেশের শত বছরের অসাম্প্রদায়িক ধারা ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে দেশি-বিদেশি চক্রান্ত হতে পারে। তবে দেশের সাধারণ ও শান্তিপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ থেকে যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক দেবাশীষ পাল, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ হিন্দু ধর্মাবলম্বী সমাজসেবক ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!