ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মিথ্যা মামলায় ফেঁসে গেলেন বাদী নিজেই

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫২, ১৬ ফেব্রুয়ারি ২০২২
মিথ্যা মামলায় ফেঁসে গেলেন বাদী নিজেই
ফাইল ছবি

চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যা মামলার অভিযোগে করা অপর একটি মামলায় আছিয়া খাতুন নামের এক নারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ চট্টগ্রামের বিচারক ফেরদৌস আরা এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বলেন, মিথ্যা মামলা করার অভিযোগে আছিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে গত বছরের ৩১ মে মামলা হয়। পরে আদালত আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। আছিয়া আজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।

আরো পড়ুন: দুদকের মামলায় বাগেরহাটের মেয়র কারাগারে, যান চলাচল বন্ধ

আদালত সূত্র জানায়, ২০২০ সালের আগস্ট মাসে ফটিকছড়ির ভূজপুরের কে এম এনায়েত উল্লাহর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন আছিয়া খাতুন। আদালত তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেয়। কিন্তু বাদী কোনো সাক্ষ্যপ্রমাণ দিতে পারেননি। তদন্তে সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেয় পিবিআই। গত বছরের ৯ মার্চ আদালত পিবিআইয়ের প্রতিবেদনটি গ্রহণ করে অভিযুক্ত এনায়েত উল্লাহকে মামলা থেকে অব্যাহতি দেন।

গত বছরের ৩১ মে এনায়েত উল্লাহ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭–এ তার বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগে আছিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে পাল্টা মামলা করেন। এ মামলায় আছিয়াকে বুধবার কারাগারে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!