শহর থেকে বাড়ি ফেরা হলো না শাহ আলমের
বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকচাপায় শাহ আলম নামে ৫৪ বছর বয়সী এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে এদিন সন্ধ্যায় উপজেলার শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়কের ধাওয়াপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম ধাওয়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মৃত আব্দুল হামিদ।
এ তথ্য নিশ্চিত করেন শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম।
আরো পড়ুন: দেবিদ্বারে টাকাসহ প্রার্থীর সহযোগী আটক
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা শহর থেকে অটোভ্যান যোগে বাড়ি ফিরছিলেন শাহ আলম। পথে ধাওয়াপাড়া এলাকায় ওই ভ্যানের এক্সেল ভেঙে পড়ে। ফলে ভ্যানযাত্রী শাহ আলম সড়কে পড়লে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেন। এতে শাহ আলম গুরুতর আহত হন। তার পায়ের ওপর দিকে ট্রাকের চাকা চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
ওসি শহিদুল ইসলাম জানান, ট্রাকচাপায় নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক-হেলপার পালিয়ে গেছেন। ট্রাক হেফাজতে আছে।