আসামি হয়েও ছাত্রদলের শীর্ষ পদে তারা
বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির দুই শীর্ষ নেতাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কমিটির আহ্বায়ক হামিদুর রহমান মহিদুল ও সদস্য সচিব রাতুল ইসলাম সাহেদ দুই মামলার আসামি।
জানা গেছে, আহ্বায়ক হামিদুর রহমান মহিদুল ও সদস্য সচিব রাতুল ইসলাম সাহেদের বিরুদ্ধে ইয়াবা ও চেক জালিয়াতির দুটি মামলা রয়েছে। তবে মামলাগুলো মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন তারা।
আরো পড়ুন>>> ‘তাইনে সাগরে ডুইবা আমগোরে ভাসাইয়া গেল’
উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, আহ্বায়ক মহিদুল ও সদস্য সচিব সাহেদ মামলার আসামি হয়েও ছাত্রদলের শীর্ষ পদ দখল করে আছেন। অথচ যোগ্য ও ত্যাগী নেতারা দিনের পর দিন পদবঞ্চিত। এছাড়া তারা টাকার বিনিময়ে বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে অছাত্র ও অযোগ্যদের নাম ঢুকিয়ে দিয়েছেন। এ নিয়েও বিতর্ক চলছে। এসব কারণে দুজনকেই অবাঞ্ছিত ঘোষণা করেছেন ঐ উপজেলার রাজিহার ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।
আরো পড়ুন>>> দেশে মাঝারি থেকে ভারি বৃষ্টির আভাস
আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুর রহমান মহিদুল বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি কোনো মামলার আসামি নই। এ অভিযোগের কোনো ভিত্তি নেই।
সংগঠনটির সদস্য সচিব রাতুল ইসলাম সাহেদ বলেন, আমি কারো সঙ্গে জালিয়াতি বা প্রতারণা করিনি। হয়রানি করতেই আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।