ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

অপহরণের ৭ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, গ্রেফতার ৩

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪০, ৩ ফেব্রুয়ারি ২০২২
অপহরণের ৭ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে এক মাদরাসাছাত্রকে অপহরণের সাতদিন পর উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির নাম মাহমুদুল হাসান। সে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মধ্যম ধলিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

গ্রেফতার তিনজন হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জের আবদুল্লাহ আল মামুন ওরফে জাহিদ, ফেনীর দাগনভূঞার তানভীর আহম্মদ ইমন ও ভোলার উত্তর পশ্চিম চরনাবাদের সজিবুল ইসলাম। তারা তিনজনই ফেনীতে একই বাসায় ভাড়া থাকতেন।

এ ঘটনায় ফেনী সদর মডেল থানায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে একটি মামলা হয়েছে। তিন আসামিকে বৃহস্পতিবার বিকেলে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

র‌্যাব-৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, শিক্ষার্থী মাহমুদুল হাসান গত ২৭ জানুয়ারি সকালে স্থানীয় বালুয়া চৌমুহনী মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর স্থানীয় বালুয়া চৌমুহনী বাজার থেকে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর নিকট শিশুটিকে উদ্ধারের জন্য সহায়তা চাওয়া হয়। 

আরো পড়ুন: মহাধুমধামে বট-পাকুড় গাছের ‘বিয়ে’, দাওয়াতে খেলেন ৫০০ অতিথি

এরমধ্যে অপহরণকারীরা শিশুর বাবার মুঠোফোনে মুক্তিপণ দাবি করে এবং শিশুর বাবার নিকট থেকে অপহরণ চক্র মুক্তিপণ হিসেবে কিছু টাকা হাতিয়েও নেয়। তারপরও ছেলেকে না পেয়ে শিশুর বাবা র‌্যাবের নিকট জানায়। র‌্যাব সদস্যরা তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারী চক্রের অবস্থান নির্ণয় করেন। 

গত বুধবার রাতে র‌্যাব সদস্যরা ফেনী পৌরসভার ১৬নং ওয়ার্ডের জহুর হোসেন চৌধুরী সড়কের বায়তুস সালাম মসজিদের পাশে পুরাতন পুলিশ কোয়াটার এলাকায় নাজিম উদ্দিনের ভাড়া বাসার নিচতলায় অভিযান চালান। সেখান থেকে অপহৃত শিশু শিক্ষার্থী মাহমুদুল হাসানকে উদ্ধার এবং আবদুল্লাহ আল জাবের ওরফে জহিদ, তারভীর আহম্মদ ইমন ও সজিবুল ইসলামকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার সকালে তাদেরকে ফেনী মডেল থানা পুলিশে সোপর্দ এবং উদ্ধার শিশুটিকে তার বাবার জিম্মায় দেওয়া হয়। 

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, অপহরণ ও মুক্তিপণের মামলায় গ্রেফতার তিনজনকে বিকেলে ফেনী আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: অপহরণ ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!