বগুড়ায় ঋণের চাপে প্রাণ দিলেন নারী
বগুড়ার আদমদীঘি উপজেলায় ঋণগ্রস্ত হয়ে পড়ে হতাশায় ৫০ বছর বয়সী শাহানাজ বেগম নামে এক নারী গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন।
বুধবার সকালে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন শাহানাজ। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। স্বাস্থ্য কমপ্লেক্সে তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শাহানাজ আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের চকসাবাজ গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহানাজ বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে ঋণ নেন। কিন্তু পাওনাদারদের টাকা ও এনজিওগুলোর কিস্তি পরিশোধ করতে পারছিলেন না । এ কারণে হতাশায় ভুগছিলেন। অন্যদিকে পাওনাদারদের চাপও সহ্য করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। অবশেষে গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেন শাহানাজ।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক মৃধা জানান, শাহানাজের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।