ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

দেড় ঘণ্টায় ৫১ মামলার রায় দিলেন বিচারক, গড়লেন ইতিহাস

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৩, ১ ফেব্রুয়ারি ২০২২
দেড় ঘণ্টায় ৫১ মামলার রায় দিলেন বিচারক, গড়লেন ইতিহাস
ফাইল ছবি

সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক মো. সালাহউদ্দীন একই দিনে ৫১ মামলার নিষ্পত্তি করে রেকর্ড গড়েছেন।

প্রতারণা, চুরি, যৌতুক, মারামারিসহ বিভিন্ন অভিযোগের এসব মামলা দীর্ঘদিন ধরে ঝুলে ছিল। মাত্র দেড় ঘণ্টায় মঙ্গলবার তিনি ৫১ মামলার রায় দেন।

এমন ঘটনাকে নজিরবিহীন ও ইতিবাচক উল্লেখ করে আইনজীবীরা জানান, এরআগে একদিনে সাতক্ষীরার কোনো আদালতে অর্ধশতাধিক মামলার রায় ঘোষণা হয়নি। তবে বিচারক মো. সালাহউদ্দীন প্রকাশ্যে দেড় ঘণ্টায় ৫১ মামলা নিষ্পত্তি করে আইনজীবীসহ বিচারপ্রার্থী মানুষের নজর কেড়েছেন।

আদালত সূত্রে জানা যায়, জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক মো. সালাহ উদ্দীনের আদালতে মঙ্গলবার রায় ঘোষণার জন্য প্রস্তুত রাখা হয় ৫৭ মামলা। এদিন এসব মামলার মধ্যে ৫১টির রায় ঘোষণা করা হয়। এসবের মধ্যে ৮টিতে সাজা এবং বাকি ৪৩ মামলার আসামিদের খালাস দেন তিনি।

আরো পড়ুন: গাজী কালুর গান গেয়ে তরুণীদের ‘ফাঁদে ফেলতেন’ বয়াতী রফিক

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের সাবরিনা খাতুন, চণ্ডিপুর গ্রামের হামিদা খাতুন, পাটকেলঘাটার আহসান নগরের নূর ইসলাম, কুমিরা গ্রামের ফারুবা মুন্সি, পুরাতন সাতক্ষীরার আবু শাহীন শাহজাহান সরদার।

আছেন বরিশাল জেলার মুলালী থানার আলিমাবাদ গ্রামের সরোয়ার হোসেন, কাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার কুযারিয়া গ্রামের অহিদুজ্জামান ও খুলনা জেলার বটিয়াঘাটা থানার পরানপুর গ্রামের হাবিবুর রহমান শেখ।

বিচারক মো. সালাহউদ্দীন গত বছরের ৫ ডিসেম্বর সাতক্ষীরা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক হিসেবে যোগ দেন। এরপর একটি মাদক মামলায় প্রবেশন আইনের আওতায় এক আসামির সাজা স্থগিত করে নিজ বাড়িতে রেখে সংশোধনের সুযোগ দিয়ে আলোচনায় এসেছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এআর
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!