মধ্যরাতে হঠাৎ গুলির শব্দ, ঘরে যেতেই বাবার লাশ দেখল ছেলে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন ঘুমন্ত এক বৃদ্ধ। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নাস্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম হযরত আলী। ৫৭ বছর বয়সী আলী নাস্তিপুর গ্রামের পশ্চিম পাড়ার রইছ উদ্দীনের ছেলে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পর রাত ৩টার দিকে তিনি মারা যান।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন হযরত আলী। এ সময় কক্ষের জানালার ফাঁক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নিলে রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ছেলে তৌফিক হাসান বলেন, নিজ ঘরে মেঝেতে ঘুমিয়ে ছিলেন আমার মা ও খাটে ছিলেন বাবা। মধ্যরাতে হঠাৎ গুলির শব্দে বাবার ঘরে ছুটে গিয়ে দেখি বাবা গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে মোটরসাইকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেই।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহরাব হোসেন জানান, রাত ১টার পর মাথার মাঝখানে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আসেন হযরত আলী। কিছুক্ষণ জরুরি বিভাগে রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যান তিনি।
দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর বলেন, ঘুমন্ত অবস্থায় হযরত আলীকে গুলি করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।