ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কান্নারও লোক নেই আজিজের বাড়িতে

বরগুনা প্রতিনিধি 
প্রকাশিত: ২১:৪২, ২৫ ডিসেম্বর ২০২১
কান্নারও লোক নেই আজিজের বাড়িতে
আব্দুল আজিজ (ছবি: সংগৃহীত)

বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের আগাপাড়া গ্রামের বাসিন্দা বৃদ্ধ আব্দুল আজিজ। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি হারিয়েছেন যমজ দুই নাতনিকে। স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক। মেয়ে নিখোঁজ। বৃদ্ধ আজিজের বাড়িতে এখন কান্নার লোকও নেই।

শনিবার  বিকেলে বরগুনা থেকে টমটমে কফিনে আসে আব্দুল আজিজের চার বছরের যমজ দুই নাতনি লামিয়া ও সামিয়ার শনাক্ত হওয়া মরদেহ।

প্রতিবেশীরা জানান, বৃদ্ধ আব্দুল আজিজের স্ত্রী দুলু বেগমের অবস্থাও আশঙ্কাজনক। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এখনো নিখোঁজ মেয়ে শিমু আক্তার।

বিকেলে যখন দুই শিশু নাতনির মরদেহ আব্দুল আজিজের বাড়িতে আসে তখন নির্বাক হয়ে যান বৃদ্ধ আব্দুল আজিজ। বারবার ছুঁয়ে দেখেন কফিন দুটি। এ সময় তাকে সান্ত্বনা দিতে দেখা যায় প্রতিবেশীদের।

প্রতিবেশীরা বলেন, আশপাশের অনেকেই এসেছে আব্দুল আজিজকে সান্ত্বনা দিতে। কিন্তু একটি পরিবারের এমন অবস্থায় কী আর সান্ত্বনা দেওয়া যায়! তারাও যেন সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!